বীরভূমে খড়ের গাদা থেকে খড় তুলতে গিয়ে গোখরো সাপের ছোবলে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধার

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের পারুই থানার ভেড়ামারি গ্রামে সাপের কামড়ে প্রাণ হারালেন ৬০ বছরের এক মহিলা। মৃতার নাম জরিনা বিবি। এই আকস্মিক দুর্ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ ১৮ নভেম্বর, বুধবার সকালে বাড়িতে খড়ের গাদা থেকে খড় তুলতে যান জরিনা বিবি। ঠিক সেই সময়ই সেখানে লুকিয়ে থাকা একটি গোখরো সাপ তাঁকে ছোবল মারে। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু পথেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এবং তিনি অচেতন হয়ে পড়েন। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে পাঠানো হয়। পরিবারে স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছেন। জরিনা বিবির এই আকস্মিক মৃত্যুতে গোটা ভেড়ামারি গ্রামে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *