জয়দেব অঙ্কল সংস্কৃতি সেবা সমিতির সুবর্ণজয়ন্তী উৎসব ঘিরে বর্ণাঢ্য পদযাত্রা, সাহিত্য সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান

সেখ রিয়াজুদ্দিনঃ

উত্তর রাঢ়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান জয়দেব অঙ্কল সংস্কৃতি সেবা সমিতি এবার ৫১ বছরে পদার্পণ করল। সংস্থার সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে ১৫ ও ১৬ নভেম্বর ২০২৬, দু’দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বীরভূমের জয়দেব কেন্দুলির ভক্তি ভবনে। সংস্কৃতি, সাহিত্য, লোকশিল্প ও সামাজিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসবে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমী মানুষজন।

রবিবার উৎসবের প্রথম দিনে বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পাশাপাশি সংগঠনের পতাকা উত্তোলন, কবি-সাহিত্যিক সমাবেশ, স্মারক ও পত্র-পত্রিকা প্রকাশ, গুণীজন সংবর্ধনা, স্মৃতিচারণা এবং কবিতাপাঠের মতো নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অন্যদিকে, সোমবার রয়েছে স্বাস্থ্য শিবির, এলাকার ডাক্তারি পড়ুয়াদের সংবর্ধনা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং আলোচনা চক্রের আয়োজন।

অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বিশিষ্ট সাহিত্যিক ও পরিবেশকর্মী জয়া মিত্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লকের প্রাক্তন সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা কবি অশোক কুমার দাস, ডঃ আদিত্য মুখোপাধ্যায়। এছাড়াও বীরভূম জেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার কবি, সাহিত্যিক এবং বহু বিশিষ্ট ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিন আঞ্চলিক ইতিহাস গবেষণায় বিশেষ অবদানের জন্য গবেষক রামানুজ মুখোপাধ্যায়, গীতগোবিন্দের গায়ক অনাথবন্ধু ঘোষ এবং বাউল ও ফকির শিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি গবেষক ডঃ অজিত কুমার দাসকে মরণোত্তর সম্মাননা জানানো হয়। ‘চন্ডীদাস’ পত্রিকা সম্মাননা প্রদান করা হয় আল আফতাব ও অজিত চৌধুরীকে। অন্যদিকে, মোল্লা আব্দুল হালিম স্মারক সম্মাননা তুলে দেওয়া হয় মনীষা বন্দ্যোপাধ্যায় ও আয়েশা খাতুনের হাতে।

উল্লেখ্য, দীর্ঘ পাঁচ দশক ধরে এই সংস্থা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দু’দিনের এই আয়োজন কার্যত সংস্কৃতি, সাহিত্য, লোকশিল্প ও সামাজিক দায়বদ্ধতার এক মিলনমেলায় পরিণত হয়েছে।

এদিন একান্ত সাক্ষাৎকারে আয়োজকদের পক্ষ থেকে আনারুল হক দু’দিনের কর্মসূচি ও সুবর্ণজয়ন্তী উদযাপনের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি সম্মাননাপ্রাপ্ত লাভপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মনীষা বন্দ্যোপাধ্যায়ও সাক্ষাৎকারে এই সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করেন। সেই সঙ্গে আগামী প্রজন্মের উদ্দেশে শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার বার্তাও তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *