সেখ রিয়াজুদ্দিনঃ
SIR প্রক্রিয়া বাতিল, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও গ্রেফতার, ভোটারদের অধিকার রক্ষা, কর্মসংস্থান এবং গণতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে নলহাটির কাঁটাগোড়িয়া মোড়ে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয় সিপিআই(এম) এর পক্ষ থেকে শনিবার।
সমাবেশ থেকে একাধিক জনস্বার্থমূলক দাবি তুলে ধরা হয়। বক্তাদের দাবি, নির্বাচনী প্রক্রিয়ায় সাধারণ ভোটারদের অধিকার সুনিশ্চিত করতে হবে এবং SIR প্রক্রিয়া বাতিল করতে হবে। ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের দ্রুত পুনরায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও গ্রেফতারের দাবিও জানানো হয়।
এছাড়াও নির্বাচনী ইস্তেহারে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা ধর্মের ভিত্তিতে ভাগ না করে সকলের জন্য চালু করার দাবি ওঠে। নলহাটি এলাকার স্থানীয় রেল স্টেশনে মহিলাদের জন্য শৌচাগার নির্মাণ, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থার দাবিও সমাবেশে বিশেষ গুরুত্ব পায়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, গণতন্ত্রের অধিকার রক্ষা, ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা জরুরি। মানুষের ন্যায্য অধিকার আদায়ে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করার আহ্বানও জানানো হয়।
এদিনের সমাবেশে বক্তব্য রাখেন বিধায়ক মোস্তাফিজুর রহমান, সিপিআইএম নেত্রী দীপ্সিতা ধর এবং কেনিজ রাবিউল ফাতেমা। সমগ্র সভায় সভাপতিত্ব করেন খায়রুল আলম। বিভিন্ন দাবিকে সামনে রেখে সিপিআই(এম)-এর এই প্রকাশ্য সমাবেশ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করে।
