জল নিকাশী অব্যবস্থার কারণে নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের বোলপুর শহর

শম্ভুনাথ সেনঃ

দক্ষিণবঙ্গের সাথে পাল্লা দিয়ে টানা নিম্নচাপের বৃষ্টিতে ভাসছে বীরভূমের বোলপুর শহর। উদয়নপল্লি, কাশীপুরের মতো একাধিক নিচু এলাকায় জল জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানচালকেরা। স্বাভাবিক জনজীবন কার্যত স্তব্ধ।
সবচেয়ে বিপাকে পড়েছেন গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে আয়োজিত বীরভূম জেলা প্যান্ডেল ডেকোরেটার ব্যবসায়ী সমিতির ১৬তম জেলা সম্মেলনের উদ্যোক্তারা। দীর্ঘদিনের প্রস্তুতির পর প্রাঙ্গণে তৈরি একাধিক প্রদর্শন স্টলে বৃষ্টির জল ঢুকে বহু সামগ্রী নষ্ট হয়ে গেছে। পিপি এন্টারপ্রাইজের ব্যবসায়ী তুলসি প্রসাদ দাস জানান, আকস্মিক এই জলযন্ত্রণায় বিপুল ক্ষতির মুখে পড়েছে তাদের প্রস্তুতি।
মাত্র অল্প সময়ের বৃষ্টিতেই শহরের নিকাশি ব্যবস্থার কঙ্কালসার চেহারা বের হয়ে আসায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। জমা জল দ্রুত না নামলে দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় বোলপুর শহরের দীর্ঘদিনের নিকাশি সমস্যার স্থায়ী সমাধান কবে হবে, এখন সেই প্রশ্নই তুলছেন শহরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *