ডিএসআর জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন SDLRO, ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ

সেখ রিয়াজুদ্দিনঃ

ডিএসআর জালিয়াতি কাণ্ডে ফের এক সরকারি আধিকারিকের গ্রেপ্তারিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বীরভূমে। গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন SDLRO রবিউল ইসলামকে। সোমবার তাঁকে সিউড়ি আদালতে পেশ করা হলে বিচারক ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আদালতে যাওয়ার পথে নিজেকে চক্রান্তের শিকার বলে দাবি করেন অভিযুক্ত রবিউল ইসলাম। পাশাপাশি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানান তিনি।

উল্লেখ্য, জেলার শিল্পপতি টুলু মণ্ডলের বিভিন্ন ব্যবসা ও আয়বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই নানা মহলে চর্চা চলছে। এই ঘটনাকে ঘিরে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় এবং তাঁর ব্যবসার সঙ্গে বিভিন্নভাবে যুক্ত একাধিক ব্যক্তির পাশাপাশি সরকারি আধিকারিকদের নামও সামনে এসেছে। তাঁদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। এবার ডিএসআর জালিয়াতি কাণ্ডে প্রাক্তন SDLRO রবিউল ইসলামের গ্রেপ্তারি তদন্তে নতুন মাত্রা যোগ করল।

সোমবার সিউড়ি আদালতে পেশ করার পর পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। আদালত চত্বর থেকে বেরিয়ে যাওয়ার সময় রবিউল ইসলাম বলেন, “আমি চক্রান্তের শিকার। ওই সময় যাঁরা ডিএলআরও এবং জেলাশাসক ছিলেন, তাঁরাই সব জানেন। ঘটনার ভালোভাবে তদন্ত করা হোক।”

অন্যদিকে, অভিযুক্তের আইনজীবী অসীম কুমার দাস জানান, রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন।

রবিউল ইসলামের গ্রেপ্তারি এবং তাঁর চক্রান্তের শিকার হওয়ার দাবি ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ডিএসআর জালিয়াতি কাণ্ডের সঙ্গে আর কারা জড়িত, কীভাবে এই জালিয়াতির ঘটনা ঘটেছে এবং এর নেপথ্যে আর কারও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখার চেষ্টা করবেন তদন্তকারীরা। এখন তদন্তের অগ্রগতির দিকেই তাকিয়ে রয়েছে জেলার ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *