শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ঐতিহ্যবাহী বৈষ্ণব তীর্থ জয়দেব কেন্দুলিতে ২০২৭ সালের পৌষের মকর সংক্রান্তির জয়দেব মেলাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। মেলার সার্বিক নিরাপত্তা ও পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্য বজায় রাখতে আগেভাগেই সরেজমিনে এলাকা পরিদর্শন করলেন জেলা পুলিশ আধিকারিকরা।
এদিন বোলপুর এসডিপিও অর্পিত আর পারেখ, সিআই মানস চন্দ্র দাস, ইলামবাজার থানার ওসি পুষ্পেন্দু জানা এবং জয়দেব ফাঁড়ির আইসি কস্তুরী মুখার্জী মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। পুণ্যস্নানের অজয় নদের ঘাট, বিভিন্ন আশ্রমপট্টি, মেলায় বিকিকিনির স্থলও মনিহারিপট্টি এবং পার্কিং জোন এলাকা পরিদর্শন করে তারা নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে নেন।
প্রতিবছর পৌষ সংক্রান্তিতে রাজ্যের নানা প্রান্ত থেকে লাখো লাখো মানুষের সমাগম ঘটে এই বৈষ্ণব পুণ্যভূমিতে। স্নানের ঘাটে পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, যানজট সামলানো এবং নজরদারি ব্যবস্থা জোরদার করাই পুলিশের মূল লক্ষ্য। মেলা শুরু হতে প্রায় মাস আড়াই বাকি। কিন্তু এখন থেকেই সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত ও নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনের এই আগাম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আশ্রম কমিটির কর্মকর্তা স্থানীয় বাসিন্দা ও পুণ্যার্থীরা।
