সেখ রিয়াজুদ্দিনঃ
খেলাধুলার মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া এবং যুবসমাজকে মাঠমুখী করার লক্ষ্যে দীর্ঘ ৪১ বছর ধরে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছে খয়রাসোল থানার রানীপাথর যুব সংঘ। এবছর ৪২তম বর্ষে পদার্পণ করল তাদের পরিচালিত নকআউট ফুটবল প্রতিযোগিতা। গত ৪ অক্টোবর জেলা ও ভিন জেলার মোট আটটি দলকে নিয়ে শুরু হয় এই প্রতিযোগিতা। বৃহস্পতিবার চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় খয়রাসোল থানার বনপাতরা গ্রামের দাতা বাবা একাদশ এবং পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ এফসি একাদশ। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকায় ট্রাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী হয় বনপাতরা দল।

বিজয়ী দলকে নগদ ১৫ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি এবং রানার্স দলকে ১০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়। পাশাপাশি পার্থসারথি মুখার্জি স্মৃতি ট্রফি ম্যান অব দ্য ম্যাচ এবং দেবীদাস চট্টোপাধ্যায় স্মৃতি ট্রফি ম্যান অব দ্য সিরিজ পুরস্কার তুলে দেওয়া হয় দুই কৃতী খেলোয়াড়ের হাতে। ফাইনাল খেলা দেখতে মাঠে পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দর্শকদের বিপুল ভিড়ে গোটা মাঠে উৎসবের আবহ তৈরি হয়। ক্লাবের পক্ষ থেকে অরিন্দম চ্যাটার্জি জানান, দীর্ঘ ৪১ বছর ধরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর তা ৪২তম বর্ষে পদার্পণ করেছে।

প্রতিযোগিতাকে কেন্দ্র করে কমিটির নবীন ও প্রবীণদের সদস্যদের মেলবন্ধনও ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র নাথ তিওয়ারি, চৈতন্যপুর গীতাভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ, সমাজসেবী রথীলাল সিং, উৎপল সাঁই, স্থানীয় গ্রামের ভূমিপুত্র তথা শিক্ষক উত্তম চ্যাটার্জি ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিবকৃষ্ণ ব্যানার্জি-সহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ফুটবল প্রতিযোগিতা শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গ্রামবাংলার ক্রীড়া সংস্কৃতির বিকাশ, সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করা এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার এক অনন্য উদ্যোগ।
