সেখ রিয়াজউদ্দিনঃ
সিউড়ি বইয়ের ওপর ফ্যাসিবাদী আক্রমণ এবং মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার প্রতিবাদে বীরভূম জেলার সদর শহর সিউড়িতে অনুষ্ঠিত হলো ‘এসো বইয়ের জন্য হাঁটি’ মিছিল। বই হাতে নিয়ে এই মিছিলে শামিল হন জেলার অগণিত বইপ্রেমী, শিক্ষিত, সংস্কৃতিমনস্ক ও গণতন্ত্রপ্রেমী মানুষ। মিছিলের মধ্য দিয়ে বই, জ্ঞান, যুক্তিবাদ, মুক্তচিন্তা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার বার্তা তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের বক্তব্য, বই কেবল জ্ঞান অর্জনের মাধ্যম নয়, সমাজকে সচেতন ও প্রগতিশীল করে তোলার অন্যতম হাতিয়ার। তাই বইয়ের স্বাধীনতা ও মুক্তচিন্তার পরিসর রক্ষা করা অত্যন্ত জরুরি। বইয়ের ওপর আক্রমণ, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই ব্যতিক্রমী উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। হাতে বই নিয়ে শহরের রাস্তায় মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি প্রতিবাদের পাশাপাশি বই ও সংস্কৃতির প্রতি ভালোবাসার এক অনন্য বার্তা বহন করে।

