সেখ রিয়াজউদ্দিনঃ
বীরভূম জেলার স্বাস্থ্য দফতরের মুকুটে নতুন পালক। এইডস প্রতিরোধ ও সচেতনতা কর্মসূচিতে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে বীরভূম জেলাকে বিশেষ সম্মাননা জানাতে চলেছে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। আগামী ১ ডিসেম্বর ২০২৬ বিশ্ব এইডস দিবস উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে বীরভূমের জেলা শাসক সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে এক পত্র মারফত।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্মসচিব ঋতু শর্মা (IRS) গত ২৩ নভেম্বর ২০২৬ তারিখে বীরভূমের জেলাশাসক ধবল জৈনকে একটি সরকারি চিঠি পাঠিয়ে এই আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা যায়।
উল্লেখ্য এইডস সুরক্ষা উদ্যোগের অধীনে ‘মোবিলাইজেশন ফর এইডস সুরক্ষা’ কর্মসূচিতে ৯৫-৯৫-৯৫ লক্ষ্যমাত্রা অর্জন করে বীরভূম জেলা ‘সুরক্ষিত’ (Surakshit) মর্যাদা লাভ করেছে। এই সাফল্যের জন্য জেলাশাসক এবং জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের কাজের প্রশংসা করেছেন যুগ্মসচিব।
পাশাপাশি এই সাফল্যের পিছনে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা স্বাস্থ্য আধিকারিক এবং জেলা এইডস নিয়ন্ত্রণ আধিকারিক-সহ সংশ্লিষ্ট সমস্ত কর্মীর অবদানের কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আগামী ১ ডিসেম্বর নয়াদিল্লির ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে বিশ্ব এইডস দিবস ২০২৬-এর অনুষ্ঠানে বীরভূম জেলাকে সম্মানিত করার প্রস্তাব নেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে জেলাশাসক ধবল জৈনের পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিক ও পুরো টিমকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই স্বীকৃতিতে বীরভূম জেলার স্বাস্থ্য পরিষেবা ও এইডস প্রতিরোধ কর্মসূচির সঙ্গে যুক্ত আধিকারিক এবং কর্মীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। জেলার এই সাফল্যকে বিশেষ প্রাপ্তি হিসেবেই দেখা হচ্ছে।
