শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার ব্লকের পারুই থানার অন্তর্গত মঙ্গলডিহি গ্রামে আজ ২৪ নভেম্বর থেকে শুরু হলো বীরভূমের বৃহত্তম ও প্রাচীনতম রাসমেলা। জনশ্রুতি অনুযায়ী, প্রায় সাড়ে চারশো বছরের পুরোনো এই বৈষ্ণব তীর্থভূমির মেলা খাতায়-কলমে চার দিনের হলেও উৎসবের আমেজ চলে টানা সাত দিন ধরে। মেলায় এই ক’দিনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। কেনাকাটার পাশাপাশি সাংস্কৃতিক মঞ্চে বসে নানা অনুষ্ঠানের আসর।

উৎসবের সূচনায় এদিন সন্ধ্যায় মঙ্গলডিহির ‘ছোট বাড়ি’-র রাধারাণী, মদনগোপাল ও বিনোদ রায় এবং ‘বড় বাড়ি’-র শ্যামচাঁদ ও বলরামের বিগ্রহ দোলায় চড়িয়ে মূল মন্দির থেকে গ্রামের প্রান্তে মোড়ল পুকুর ও দুলো পুকুর সংলগ্ন বনভোজন তলায় নিয়ে যাওয়া হয়। রাত ৯টা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা চলে সারা রাত ধরে। পুকুরপাড়ের আকর্ষণীয় আতশবাজি প্রদর্শনী দেখতে রাতভর অপেক্ষা করেন হাজার হাজার দর্শনার্থী। ভোরে বিগ্রহগুলি পুনরায় মূল মন্দিরে ফিরিয়ে আনা হয়। উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। ইতিহাসের পাতায় চোখ রাখলে জানা যায়, ষোড়শ শতকের বৈষ্ণব সাধক শ্রীমৎ পর্ণীগোপাল ঠাকুরের সময়কালে হরিদ্বারের পরিব্রাজক ধ্রুব গোস্বামী এখানে শ্যামচাঁদ ও বলরামের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকেই ঠাকুর বংশের হাত ধরে এই নিত্যসেবা ও ঐতিহ্যবাহী রাসমেলার ধারা অক্ষুণ্ণ রয়েছে।


