শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে গতকাল, ২৩ নভেম্বর, ২০২৬, সোমবার বিকেল ৪.৩০টায় এক ভাবগম্ভীর ও আধ্যাত্মিক পরিবেশে ‘অথ শ্রী সত্যনন্দ কথা’ গ্রন্থের আনুষ্ঠানিক লোকার্পণ অনুষ্ঠান সুসম্পন্ন হয়। অনুষ্ঠানের সূচনায় সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী অমিতানন্দ মহারাজ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় অনুষ্ঠানটির মুখকথা পরিবেশন করেন। বীরভূম মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. পার্থসারথি মুখোপাধ্যায় রচিত এই গ্রন্থটিতে যুগাবতার ঠাকুর শ্রী শ্রী সত্যানন্দ দেবের জীবনবৃত্তান্ত ও আদর্শ সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, গ্রন্থকার অধ্যাপক পার্থসারথি মুখোপাধ্যায় হলেন ঠাকুর শ্রী শ্রী সত্যনন্দ দেবের আশীর্বাদধন্য সিউড়ি কালীবাড়ির মুখোপাধ্যায় পরিবারের উত্তরপুরুষ। এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। সমগ্র অনুষ্ঠানটি পৌরোহিত্য করেন বরাহনগর রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী সারদাত্মানন্দ মহারাজ। এছাড়াও গৌরবময় অতিথি রূপে উপস্থিত থেকে অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেন উত্তরাখণ্ডের উত্তর কাশির সারদা কুটিরের স্বামী গোপেশ্বরানন্দ মহারাজ। বিশিষ্ট সঞ্চালক সুশান্ত রাহা অত্যন্ত দক্ষতা ও সুচারুভাবে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। জেলার বিশিষ্ট কবি, লেখক, শিল্পী ও সাহিত্যিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এদিনের এই সারস্বত অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
