শম্ভুনাথ সেনঃ
বীরভূমের অন্যতম শক্তিপীঠ ও সিদ্ধপীঠ তারাপীঠে শ্যামাপুজো উপলক্ষে উৎসবের মেজাজ। সাধক বামাক্ষ্যাপার এই সাধনক্ষেত্রে প্রতি বছর কার্তিক অমাবস্যায় দেবী তারা স্বয়ং শ্যামা রূপে পূজিতা হন। অমাবস্যা তিথি শুরু হতেই সকাল থেকে মন্দিরে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে। মাকে এদিন অপরূপ রাজবেশে ও নানা স্বর্ণালঙ্কারে সাজানো হয়েছে। দেবীর মুখমণ্ডল রক্তজবার মালায় ঢাকা।

ভোর থেকেই ভোগারতির প্রস্তুতি শুরু হয় এবং দিনে দুবার মাকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। তারামাতা সেবা সংঘের এক সদস্য জানিয়েছেন, রাতে মন্দির চত্বর রকমারি আলোকমালায় সেজে ওঠে এবং জ্বালানো হয় অসংখ্য ঘিয়ের প্রদীপ। সন্ধ্যারতির পর রাত ১০টায় শুরু দেবী তারার মূল নিশিপুজো। অন্যদিকে, দ্বারকা নদীর তীরে শিমুলতলা মহাশ্মশানে বসেছে সাধু-সন্ত ও তন্ত্রসাধকদের মেলা। মহাশ্মশানের হোমকুণ্ড ঘিরে সারারাত ধরে চলে বিশেষ তন্ত্রসাধনা, হোম ও যজ্ঞাহুতি। তারা ও কালীর এই অভেদ রূপ দর্শন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের সমাগমে জমজমাট পুরো তারাপীঠ।

