শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুর শহরের ব্যস্ততম এলাকায় ১৩ নভেম্বর শুক্রবার দুপুরে এক মহিলার অস্বাভাবিক আচরণ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিন দুপুর দুটো নাগাদ মনমোহিনী বস্ত্রালয়ের সামনে এই ঘটনায় পথচলতি মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বছর ত্রিশের ওই মহিলা আচমকাই রাস্তায় অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। নানা ধরনের অঙ্গভঙ্গির পাশাপাশি তিনি নিজের পোশাক খুলে রাস্তার মাঝখানে ঘোরাঘুরি করতে থাকেন। এমন দৃশ্য দেখে মুহূর্তেই সেখানে ভিড় জমে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে কিছুটা সমস্যা হলেও, পরে মহিলা পুলিশকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর নিরাপদে ওই মহিলাকে উদ্ধার করে বোলপুর থানায় নিয়ে যাওয়া হয়।
তিনি কেন এমন আচরণ করলেন, তা এখনও স্পষ্ট নয়। কেউ মানসিক অসুস্থতা, আবার কেউ নেশাগ্রস্ত থাকার সন্দেহ প্রকাশ করলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি। ঘটনার আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
