সেখ রিয়াজুদ্দিনঃ
পশ্চিমবঙ্গ আবাস যোজনার আওতায় রাজ্যের ৭ লক্ষাধিক উপভোক্তার জন্য ৪,২০১ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করল রাজ্য সরকার। শুক্রবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদানের কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজ্যের অন্যান্য ব্লকের পাশাপাশি বীরভূম জেলার খয়রাসোল ব্লকের পক্ষ থেকেও উপভোক্তাদের নিয়ে স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠান শোনার ব্যবস্থা করা হয়।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ আবাস যোজনার অধীনে এখনও পর্যন্ত মোট ১০,৩২৩ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে। এর ফলে উপকৃত হয়েছেন রাজ্যের মোট ১৭ লক্ষ ২০ হাজার ৫৫০টি পরিবার। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য আর্থিকভাবে পিছিয়ে থাকা গ্রামীণ পরিবারের জন্য নিজস্ব পাকা বাড়ির ব্যবস্থা করা এবং প্রত্যেকের মাথার উপর স্থায়ী ছাদ নিশ্চিত করা।
অনুষ্ঠান শেষে খয়রাসোলের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ সৌমেন্দু গাঙ্গুলি উপভোক্তাদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন। তিনি জানান, রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী আবাস যোজনার সঙ্গে ভিবি-জি রামজি প্রকল্প এবং স্বচ্ছ ভারত মিশনের সমন্বয় সাধন করা হয়েছে। সেই অনুযায়ী, আবাস যোজনার বাড়ি নির্মাণ সম্পূর্ণ হলে সংশ্লিষ্ট উপভোক্তারা ভিবি-জি রামজি প্রকল্পের আওতায় ৯০ দিনের শ্রমদিবসের পারিশ্রমিক এবং শৌচালয় নির্মাণের জন্য ১২ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন।
এদিন আবাস যোজনার দ্বিতীয় কিস্তির অর্থ প্রদানের প্রতীকী হিসেবে উপভোক্তাদের হাতে ডেমো চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি যেসব উপভোক্তা ইতিমধ্যে বাড়ি নির্মাণের কাজ সম্পূর্ণ করেছেন, তাঁদের হাতে শংসাপত্রও প্রদান করা হয়।
খয়রাসোল ব্লকের এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ সৌমেন্দু গাঙ্গুলি, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্য অনীমা সাহা, শ্রাবন্তী মিশ্র ও মন্ত্রীরাম ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী অনুপম বাগ, রথীলাল সিং-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
