শম্ভুনাথ সেনঃ
সরকারি চাকরি পাওয়া যেখানে বর্তমান সময়ে এক কঠিন চ্যালেঞ্জ, ঠিক তখনই এক নতুন আশার আলো জ্বালালেন বীরভূমের মুরারই এলাকার তরুণ-তরুণীরা। পশ্চিমবঙ্গ পুলিশের (WBP) কনস্টেবল পদে মুরারই থেকে একসাথেই ৮ জন তরুণ-তরুণী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। এই অভূতপূর্ব সাফল্যে সমগ্র বীরভূম জেলার নজর এখন মুরারইয়ের দিকে।
এলাকার এই বিশেষ গর্বের মুহূর্তে মুরারই থানার পক্ষ থেকে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সেখানে সকল সফল প্রার্থীদের মিষ্টিমুখ করিয়ে সংবর্ধিত করা হয় এবং তাঁদের নতুন কর্মজীবনের জন্য শুভকামনা জানানো হয়। থানার পক্ষ থেকে বার্তা দেওয়া হয়, আগামী দিনে সততা, সাহস, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে যেন তাঁরা সাধারণ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারেন। একই এলাকা থেকে একসাথে ৮ জনের এই জয়জয়কার শুধু স্থানীয় তরুণ সমাজকে অনুপ্রাণিত করেনি, বরং সাধারণ মানুষের মধ্যেও এক নতুন আশার সঞ্চার করেছে। মিষ্টি বিতরণ আর শুভেচ্ছা বার্তায় এখন মুখরিত সমগ্র মুরারই।
ছবিঃদিপু মিঞা, মুরারই, বীরভূম
