বীরভূমে বড় সাফল্য: মুরারই পুলিশের জালে নিষিদ্ধ কাশির সিরাপ পাচার চক্র, ধৃত-২

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মুরারই এলাকায় অবৈধ মাদক পাচার বিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ২৩ আগস্ট গভীর রাতে ঘুসখিড়া বাইপাস রোডে অভিযান চালান এসআই পলাশ কুমার দত্ত ও তাঁর টিম। মুরারাইয়ের সিআই (CI)-এর উপস্থিতিতে চলা এই তল্লাশিতে উদ্ধার হয় বিপুল পরিমাণ কোডিন মিশ্রিত নিষিদ্ধ কাশির সিরাপ।
অভিযানে ১৬টি কার্টনে থাকা মোট ১,৯১৪ বোতল (১৯১.৪ লিটার) কাশির সিরাপ ও পরিবহনে ব্যবহৃত একটি নীল ই-রিকশা (টোটো) বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে ডুমুরগ্রামের বাসিন্দা সাহেব শেখ (৩৬) ও মুরসালিম ওরফে তুফান শেখ (২৬)-কে গ্রেপ্তার করে পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী তদন্ত ও চক্রের শিকড়ে পৌঁছাতে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন সহ এদিনই তাঁদের সিউড়ি এনডিপিএস আদালতে পেশ করা হয়। অবৈধ মাদক কারবার রুখতে মুরারাই থানার এই কঠোর অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *