সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম জেলা কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে রামপুরহাটে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন বিভিন্ন দল থেকে আগত প্রায় ৫০ জন নেতা-কর্মী। বীরভূম জেলা কংগ্রেস সভাপতি সঞ্জয় অধিকারীর নির্দেশে এবং হাসন কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদের নেতৃত্বে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। রামপুরহাটের নিশ্চিন্তপুর সিফলা মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত প্রায় ৫০ জন নেতা-কর্মী শনিবার এক অনুষ্টানের মাধ্যমে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মিল্টন রসিদ,বীরভূম জেলা কংগ্রেস সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল নঈম, জেলা মহিলা কংগ্রেস নেত্রী সুতপা ব্যানার্জী, জেলা ওবিসি সভাপতি শবনম বানো এবং জেলা সম্পাদক সত্যব্রত ভট্টাচার্য সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। এদিন নিশ্চিন্তপুর সিফলা মোড়ে নবনির্মিত কংগ্রেস কার্যালয়ের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ। পাশাপাশি নবাগত কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এই যোগদান কর্মসূচিকে ঘিরে রামপুরহাট এলাকায় কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
