শম্ভুনাথ সেনঃ
“স্বাস্থ্যই সম্পদ”—এই বার্তা পাথেয় করে সমাজকে ব্যধি মুক্ত রাখার লক্ষ্যে বীরভূমের দুবরাজপুর অগ্রদূত ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বিশেষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও ক্যান্সার সচেতনতা শিবির। নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের উদ্যোগে এবং ঠাকুরপুকুর ক্যান্সার সেন্টারের যৌথ সহায়তায় এই সামাজিক কর্মকাণ্ডটি আয়োজিত হয়।
এদিনের শিবিরে ঠাকুরপুকুর থেকে আগত অন্যতম মুখ্য উদ্যোক্তা ডাঃ মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রদীপ গাঙ্গুলি রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী উদয় শঙ্কর ব্যানার্জি, দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক সত্যশিবানন্দ মহারাজ, পাঁচড়া গীতাভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ এবং স্থানীয় বিধায়ক অনুপকুমার সাহা।
এলাকার সাধারণ মানুষের পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও আশা কর্মীরা এই শিবিরে অংশ নেন। উদ্যোক্তা বিধায়ক অনুপ কুমার সাহা জানান, সমাজকে সুস্থ ও সবল রাখাই তাঁদের মূল উদ্দেশ্য। তিনি আরও ঘোষণা করেন, আগামী দিনে প্রতি মাসের শনিবার বিকেলে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ দেবদীপ গাঙ্গুলী, ডাঃ ইন্দ্রদীপ গাঙ্গুলী প্রমূখ চিকিৎসকরা নিয়মিত দুবরাজপুরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবেন। জনহিতকর এই প্রয়াস এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

