শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলির মকর সংক্রান্তি মেলাকে ঘিরে ২০২৭ সালের আগাম প্রস্তুতি শুরু করল বিজেপি। বীরভূমের সবচেয়ে প্রাচীন এই মেলাকে আরও সুশৃঙ্খল ও উন্নতভাবে পরিচালনার লক্ষ্যে সম্প্রতি জয়দেব কেন্দুলিতে দলের এক বিশেষ আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক দেবাশীষ ওঝা, দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল এবং বোলপুর ১ নম্বর মণ্ডল সভাপতি শুকদেব বিশ্বাস-সহ স্থানীয় নেতৃত্ব। সভায় মেলায় আগত পুণ্যার্থীদের যাতায়াত, নিরাপত্তা, পানীয় জল, পরিষেবা এবং ব্যবসায়ীদের দোকানপাটের সুব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মেলা চলাকালীন পুণ্যার্থী ও ব্যবসায়ীরা যাতে কোনো সমস্যায় না পড়েন এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়।
এছাড়াও, আগামী মেলায় হেলিকপ্টারের মাধ্যমে পুষ্পবৃষ্টির এক বিশেষ পরিকল্পনার কথা জানানো হয়েছে। এই প্রস্তাবটি সরকারের কাছে পাঠানো হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সব মিলিয়ে, মেলার সার্বিক পরিচালন ব্যবস্থাকে আরও উন্নত করতেই এই আগাম উদ্যোগ।
