
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের তারাপীঠ স্টেশন সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। মৃতের নাম দোলন ব্যানার্জি। তিনি প্রতিদিনের মতো গতকাল রাতে তারাপীঠ স্টেশন সংলগ্ন নিজের পান-সিগারেটের দোকান বন্ধ করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে এগারোটা নাগাদ তাঁর সাইকেলের চেন খুলে গেলে সেটি ঠিক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাইক তাঁকে সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তার উপর লুটিয়ে পড়েন। পরে টোটোচালকরা ও স্থানীয় মানুষজন তাঁকে উদ্ধার করে রামপুরহাট গভঃ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য,মৃত দোলন ব্যানার্জির তারাপীঠ স্টেশনে একটি ছোট দোকান ছিল। প্রতিদিনের মতো এদিনও তিনি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। আজ ১৯ সেপ্টেম্বর তাঁর দেহের ময়না তদন্ত করা হয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। দোলনবাবুর আকস্মিক মৃত্যুতে এলাকায় নামে শোকের ছায়া।
