
শম্ভুনাথ সেনঃ
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। বীরভূমের রামপুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূলের রামপুরহাট টাউন কমিটির সহ-সভাপতি প্রিয়নাথ সাউ ওরফে টিংকুকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ রামপুরহাটে এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের ঘোষণা করেন রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক ড. আশিস বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রামপুরহাট ১ নম্বর ব্লকের সভাপতি নীহার মুখোপাধ্যায়, রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে খবর দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে ও প্রশাসনিক মর্যাদা বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর, বুধবার রামপুরহাট থানায় এক তরুণী প্রিয়নাথ সাউ এর বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে তৃণমূল নেতৃত্ব। শেষ পর্যন্ত ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দলীয় পদ থেকে বহিষ্কৃত করা হয় প্রিয়নাথ সাউকে। এই ঘটনাকে ঘিরে রামপুরহাটে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

