
শম্ভুনাথ সেনঃ
প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরের প্রকৃত নাগরিকদের বাড়ি নির্মাণ, পৌরশহরে আদায় করা টোল ট্যাক্সের টাকায় রাস্তাঘাট সংস্কার, শহরের নাগরিকদের জন্য সুলভ শৌচালয় এবং স্বাস্থ্য ব্যবস্থা ও অ্যাম্বুলেন্স পরিষেবার সুবিধা প্রদান এমন ৭ দফা দাবি নিয়ে ভারতীয় জনতা পার্টির দুবরাজপুর শহর মণ্ডল এর উদ্যোগে বীরভূমের দুবরাজপুর পৌরসভায় আজ ১১ নভেম্বর স্মারকলিপি প্রদান করা হয়। সেই সঙ্গে অনুষ্ঠিত হয় বিক্ষোভ কর্মসূচি।

এদিন দুবরাজপুর শহরের দলীয় কার্যালয় থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল পুরশহর পরিক্রমা করে। নেতৃত্ব দেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, শহর মণ্ডল সভাপতি দেবজ্যোতি সিংহ, শহর কার্যকতা ও জেলা সম্পাদক সুখময় গড়াই, রথিলাল সিংহ, জেলার এক্সিকিউটিভ মেম্বার তথা দুবরাজপুর পৌরসভার প্রাক্তন বিজেপি কাউন্সিলর সত্যপ্রকাশ তেওয়ারি। দুবরাজপুর পুরশহর পরিক্রমা করার পর দুবরাজপুর পৌরসভায় হাজির হলে গেটে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে শেষ পর্যন্ত দলীয় কর্মী সমর্থকদের ধুন্ধুমার কাণ্ড ঘটে। পরে দলীয় কর্মী সমর্থকরা পুরসভায় প্রবেশ করেন। পৌরপিতা পীযূষ পাণ্ডের হাতে তারা লিখিত স্মারকলিপি জমা দেন।

