
শম্ভুনাথ সেনঃ
বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে একতা যাত্রার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। সারাদেশে নানা অনুষ্ঠানের মধ্য দিয়েই তার জন্মজয়ন্তী পালিত হচ্ছে। ১৮ নভেম্বর বীরভূমে একতা যাত্রায় পা মেলালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন নানুর বিধানসভার অন্তর্গত কীর্নাহার গ্রামে একতা যাত্রার আয়োজন করা হয়। হাতে জাতীয় পতাকা নিয়ে শুরু হয় একতা যাত্রার মিছিল। কীর্নাহারের যুবটিয়া বাসস্ট্যান্ড থেকে কীর্নাহার বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলে অংশগ্রহণ করেন বিজেপির দলীয় কর্মী সমর্থকরা।তারপর বাসস্ট্যান্ডে একটি পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূম ও বোলপুর দুই সাংগঠনিক জেলার জেলা সভাপতি ধ্রুব সাহা, শ্যামাপদ মণ্ডল, বোলপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি অষ্টম মণ্ডল সহ জেলা নেতৃত্ব।
উল্লেখ্য, ১৮৭৫ খ্রী. ৩১ অক্টোবর সর্দার বল্লভ ভাই প্যাটেল এর জন্ম। তিনি ছিলেন একজন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা। তিনি সর্দার প্যাটেল নামেই বেশি পরিচিত ছিলেন। তাঁকে ভারতের লৌহমানব বলা হয়। তিনি স্বাধীন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। ১৯৫০ খ্রী ১৫ ডিসেম্বর তিনি প্রয়াত হন। এদিন তার জীবন আদর্শের নানা কথা তুলে ধরেন বক্তারা।
