
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের রামপুরহাটে সাত সকালেই ঘটে গেল এক ভয়াবহ বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণেই গুরুতর জখম দুই শ্রমিক। বিকট শব্দে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল একজনের হাত এবং আর একজনের পা। উড়ে যায় ব্যালকনি ও দেওয়ালের একাংশ। ভয়াবহ এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়ির কাচের দরজা জানালা ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে ২৬ নভেম্বর জাতীয় সড়কের রামপুরহাটের লোটাস প্রেস সংলগ্ন এলাকায়। এদিন সকালে গাড়ি থেকে অক্সিজেন সিলিন্ডার গোডাউনে নামানোর সময় এই বিস্ফোরণ ঘটে। সাতসকালে হাড়হিম করা এই মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ এসে আহত আবু তালেব ও উজির হোসেন নামে দুই শ্রমিককে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। তবে কি কারণে এই বিস্ফোরণ ঘটলো ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছে পুলিশ। শহরের ভিতরে কিভাবে গ্যাসের গোডাউন চলছে এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন।

