
শম্ভুনাথ সেনঃ
ক্যান্টিনের খাবারের দাবিতে গতকাল মধ্যরাতে বিশ্বভারতী ক্যাম্পাসে থালা বাজিয়ে বিক্ষোভ দেখায় আবাসিক ছাত্রীরা। তাদের দাবি কুপন থাকা সত্ত্বেও কেন সারামাস খাবার দেওয়া হবে না! এই দাবিতে বিক্ষোভের ফলে মাঝরাতে উত্তেজনা ছড়ায় বিশ্বভারতী ক্যাম্পাসে। মধ্যরাতে থালা বাজিয়ে শুরু হয় ছাত্রীদের বিক্ষোভ। বিভিন্ন আবাসিক ছাত্রীরা ‘হেরিটেজ’ ক্যাম্পাসে বেরিয়ে এসে প্রতিবাদ শুরু করে৷ হিন্দি ভবনের সামনের রাস্তায় বসে কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় আবাসিক ছাত্রীরা। এই ঘটনায় শেষ পর্যন্ত বিশ্বভারতীর নিরাপত্তা আধিকারিক সুপ্রিয় গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে নিরাপত্তারক্ষীরা এসে ছাত্রীদের সঙ্গে কথা বলেন৷ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে এই আশ্বাস পাওয়ার পর ছাত্রীদের বিক্ষোভ ওঠে। আবাসিক পড়ুয়াদের দাবি পরীক্ষা সহ নানান কর্মসূচি রয়েছে, তাই পুরো ডিসেম্বর মাস জুড়ে খাবার দেওয়া হোক। এই প্রসঙ্গে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ জানান, “ছাত্রীদের অভিযোগের বিষয়টি পরিচালক কর্তৃপক্ষ দেখছেন, শিঘ্রই সমাধান হয়ে যাবে।”
