
শম্ভুনাথ সেনঃ
১ জানুয়ারী তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালের এই দিনেই জাতীয় কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলটির জন্ম দিয়েছিলেন। প্রতিষ্ঠার ২৮ বছরে পা রাখল তৃণমূল কংগ্রেস। সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় এদিন।
বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তোলাকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব, মারধর। পঞ্চায়েত সদস্যকে কার্যালয়ের ভেতর আটকে রাখার অভিযোগ অপর তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে এখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা। ১ জানুয়ারী সকালে উপপ্রধান সেখ সবুর আলির নেতৃত্বে হেতমপুর তৃণমূল কার্যালয়ে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন না পঞ্চায়েত সদস্য সেখ হেরাসতুল্লা নিজে ও তার লোকজন। পতাকা উত্তোলন হয়ে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে আসেন তিনি। এরপর উপপ্রধানের তোলা দলীয় পতাকাকে নামিয়ে ছিঁড়ে ফেলে দেন এবং নিজের পতাকা উত্তোলন করতে যান তিনি। তখন উপপ্রধানের লোকজন আসে এবং তাকে বেধড়ক মারধর করে ও তৃণমূল কার্যালয়ের ভেতর দীর্ঘক্ষণ আটকে রেখে দেন বলে অভিযোগ। দুবরাজপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং তৃণমূল কার্যালয় থেকে তাকে উদ্ধার করে। পরে দুপক্ষের উপস্থিতিতে দুবরাজপুর থানায় পুলিশের সাথে বাঁধে গণ্ডগোল।
