
শম্ভুনাথ সেনঃ
টোটো ও ১৬ চাকা লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের। সেই সঙ্গে দুটি গরুর বাছুরেরও মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে ৪ জানুয়ারী দুপুর একটা নাগাদ বীরভূমের নলহাটি থানার অন্তর্গত চামটি বাগান এলাকায় পালোয়ান বাবার মাজার সংলগ্ন ১৪ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর গরুর হাট থেকে বাড়ি ফেরার পথে একটি টোটোর সঙ্গে ওই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। টোটোয় যাত্রীদের সঙ্গে ছিল দুটি গরুর বাছুর। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় টোটোটি। ১৬ চাকা লরিটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালক কলিমুদ্দিন শেখের। তার বাড়ি নলহাটি থানার তেজহাটি গ্রামে। তাছাড়া দুই যাত্রী সিটু সা ও রেজাউল শা—দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট গভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানেই আরো একজনের মৃত্যু হয় বলে এলাকার মানুষ জানিয়েছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। মৃতদেহ উদ্ধারে পুলিশকে বাধা দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ।

