আইপ্যাক এর সদর দপ্তর সল্টলেকে ইডি, সিবিআই-এর হানার প্রতিবাদে তৃণমূলের বীরভূম জেলা জুড়ে ধিক্কার মিছিল

শম্ভুনাথ সেনঃ

রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা I-PAC এর সদর দপ্তর সল্টলেকে আজ ৮ জানুয়ারী সকালে হানা দেয় দুই কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই। আইপ্যাক অফিসে হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। এই খবর ছড়িয়ে পড়তেই বীরভূম জেলা জুড়ে চলে তৃণমূলের ধিক্কার মিছিল। দুবরাজপুর শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। প্রতিবাদে পা মেলান দলীয় কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলি, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য সহ পৌরসভার সমস্ত কাউন্সিলর বৃন্দ, দুবরাজপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক নরেশচন্দ্র বাউরি, মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃন্দ ও ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার, সহ সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতি ও শাখা সংগঠনের নেতৃত্ববৃন্দ।
উল্লেখ্য, I-PAC অর্থাৎ INDIAN POLITICAL ACTION COMMITTEE একটি পেশাদারী সংস্থা। ২০১৩ সালে প্রশান্ত কিশোরের হাত ধরে এই সংস্থার পথ চলা শুরু হয়। এই সংস্থা ভারতের বিভিন্ন প্রান্তে বড় বড় রাজনৈতিক দলের হয়ে পরামর্শদাতা হিসেবে কাজ করে। এই সংস্থার বর্তমান কর্ণধার প্রতীক জৈন এর বাড়িতেও এদিন হামলা চালায় ইডি সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *