
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে আজ ১০ জানুয়ারি যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মতিথি মহোৎসব নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। সকালে স্বামীজীর প্রতিকৃতি নিয়ে প্রভাত ফেরীতে অংশগ্রহণ করে ব্রততীর্থ ইনস্টিটিউশনের কচি-কাঁচারা। স্থানীয় পণ্ডিতপুর, রূপশিমুল, দৌলতপুর, হালসোত গ্রাম পরিক্রমা করা হয়। দুপুরে অনুষ্ঠিত হয় ধর্মসভা।
স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান ও শিল্পী চিত্রলেখা হাজরার উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। স্বামী বিবেকানন্দ ও বর্তমান সমাজ এই বিষয়ে আলোচনায় বক্তব্য রাখেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের অনঘানন্দ মহারাজ, ব্রহ্মচারী অমৃত চৈতন্য, অধ্যাপক ড. রবিন ঘোষ, শিক্ষক সোমনাথ মুখোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানে দিনটি উদযাপনের তাৎপর্য এবং এই পণ্ডিতপুর আশ্রমের ইতিহাস কথা তুলে ধরেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা, দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পাণ্ডে প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পণ্ডিতপুর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা স্বামী শক্ত্যানন্দ মহারাজ এবং আশ্রমের ভূমিদাতা স্বর্গীয় সাধক সরজুপ্রসাদ গুপ্তের স্মৃতিচারণা করা হয়। এদিন ২০০ জন দুঃস্থদের হাতে তুলে দেওয়া হয় শীতের কম্বল। দুপুরে অন্তত চার হাজার ভক্ত শিষ্য একসঙ্গে প্রসাদ গ্রহণ করেন।

