
সেখ রিয়াজুদ্দিনঃ
২০২৬ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে। সেই প্রেক্ষিতে দলীয় কর্মসূচি ঘোষণা অনুযায়ী মাঠে ময়দানে অবতীর্ণ বিভিন্ন রাজনৈতিক দল। এদিকে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে শুরু হয়েছে নিবিড় ভোটার সংশোধনের কাজ। যদিও এনিয়ে রাজ্যের শাসক দল সহ বিজেপি বিরোধী অন্যান্য দলগুলো পৃথক পৃথক ভাবে এস আই আর এর প্রতিবাদে আন্দোলন গড়ে তোলে। তবে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি বহাল থাকে। সেই মোতাবেক শুরু হয়েছে ব্লক ভিত্তিক শুনানি পর্ব। শুনানী পর্বে ভোটারদের অযথা হয়রানীর অভিযোগ যেমন উঠে আসছে, তেমনই এস আই আর আতঙ্কে মৃত্যুর খবরও আসছে। এসমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তথা উন্নয়নের পাঁচালীর কথা ব্যক্ত করেন ২১ জানুয়ারি বুধবার খয়রাশোল ব্লকের পাঁচড়া বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের জনসভায়। উল্লেখ্য, সদ্য জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি ব্লক ভিত্তিক জনসভা করার কথা। সেই হিসেবে গত ২০ জানুয়ারি জেলার নলহাটি ব্লক এলাকায় প্রথম সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মন্ডল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, ভাইস প্রেসিডেন্ট তৃণমুল কংগ্রেসের সুদীপ্ত রাহা, রাজ্য যুব তৃণমুলের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, খয়রাশোল ব্লক তৃণমুল কংগ্রেসের কোর কমিটির চার সদস্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।

