বীরভূমের ইলামবাজারে তৃণমূলের সভায় উপচে পড়া ভিড়

শম্ভুনাথ সেনঃ

বিধানসভার নির্বাচন দোড়গোড়ায়। আর তার আগেই নিজেদের শক্ত ঘাঁটি প্রদর্শনে নেমেছে ঘাসফুল শিবির। আজ ২২ জানুয়ারী বীরভূমের ইলামবাজারে তৃণমূল কংগ্রেসের ডাকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইলামবাজার রাইস মিলের মাঠে অনুষ্ঠিত এদিনের সভায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। দলীয় পতাকায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা। মুখ্য বক্তা হিসেবে তৃণমূলের অনুব্রত মণ্ডল আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করার বার্তা দেন। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী, লাভপুর বিধায়ক অভিজিৎ সিনহা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান, জেলা মৎস্য ও প্রাণীর সম্পদ কর্মাধ্যক্ষ রবি মুর্মু, পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার, সহ-সভাপতি দুলাল চন্দ্র রায় সহ স্থানীয় অন্যান্য অঞ্চল ও ব্লক স্তরের নেতাকর্মীরা। SIR নামে বিজেপির ঘৃণ্য চক্রান্তে বাংলার ভোটারদের হয়রানি বেড়েছে। সেই বিষয়ের উপর বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয় সাধারণ মানুষজনদের সামনে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার এমন বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার বকেয়া পাওনা নিয়ে কেন্দ্র সরকারকে তুলোধোনা করেন তিনি। বুথ স্তরে সংগঠনকে মজবুত করার পরামর্শ দেওয়া হয়। এদিন সকাল থেকেই ইলামবাজার ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে কর্মী-সমর্থকরা সভাস্থলে উপস্থিত হন। সভায় ভিড় সামলাতে ইলামবাজার থানা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নিয়ন্ত্রণ করা হয় বোলপুর-সিউড়ি রাস্তার যান চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *