তৃণমূল কংগ্রেসের জনসভায় অনুব্রত মন্ডলকে রূপোর মুকুটে সম্মাননা, রাজনগরে

সেখ রিয়াজুদ্দিনঃ

গত ২০ জানুয়ারি থেকে জেলার প্রতিটি বিধানসভা ভিত্তিক ব্লক স্তরে জনসভা শুরু হয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। সেই মোতাবেক ২৫ জানুয়ারি রবিবার রাজনগর ব্লকের চন্দ্রপুরে অনুরূপ জনসভা অনুষ্ঠিত হয়৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অনুব্রত মন্ডল৷ এদিন মঞ্চে তাঁকে রূপোর মুকুট পরিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয় রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৷ উল্লেখ্য, এস আই আর এর শুনানি পর্ব থেকে শুরু করে শিবিরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা, অনেকে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, এমনকি জেলার মধ্যে মৃত্যু পর্যন্ত ঘটেছে বলে খবর। এই ভাবে সাধারণ মানুষের হয়রানি, হেনস্থা এবং নির্বাচন কমিশন ও বিজেপির চক্রান্তের প্রতিবাদ জানাতেই মূলতঃ এরূপ কর্মসূচির আয়োজন বলে দলীয় সূত্রে জানা যায়। অনুব্রত মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিজিৎ সিনহা, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ডক্টর প্রলয় নায়েক, রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুকুমার সাধু প্রমুখ নেতৃবৃন্দ ৷ অনুব্রত মন্ডলের সভায় জনজোয়ারের ফলে রীতিমতো উচ্ছ্বসিত অনুব্রত মণ্ডল সহ তৃণমূল নেতৃত্ব৷ এস আই আর সহ কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতৃত্ব৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালীর কথা তথা বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষ কিভাবে উপকৃত হচ্ছে তা তুলে ধরা হয় বক্তব্যের মাধ্যমে ৷ ২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জনগণের সমর্থন পেয়ে ভালো ফল করবে ও মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় মুখ্যমন্ত্রী হবেন বলেও ঘোষনা করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *