বীরভূমের সিউড়ি কালীবাড়ি “দক্ষিণারঞ্জন মঞ্চে” “বীরভূমের মুখ” সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ অনুষ্ঠান

শম্ভুনাথ সেনঃ

রাঙামাটির সংস্কৃতির ধারাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে বীরভূম জেলা থেকে প্রকাশিত হলো সাহিত্য পত্রিকা ‘বীরভূমের মুখ’। সাহিত্য ও ইতিহাস ভিত্তিক তথ্যসমৃদ্ধ বার্ষিক পত্রিকা “বীরভুমের মুখ” প্রকাশিত হল বীরভূমের সদর সিউড়ির ভবতারিনী কালীবাড়িতে দক্ষিণারঞ্জন মঞ্চে। ১২ ফেব্রুয়ারি দুপুরে এদিন পত্রিকার একাদশ বর্ষের বার্ষিক সংখ্যার মোড়ক উন্মোচিত হয়। পত্রিকার আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি রুপে উপস্থিত ছিলেন ড. আদিত্য মুখোপাধ্যায়। বীরভূম মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. পার্থসারথি মুখোপাধ্যায়ের পৌরোহিত্যে শুরু হয় অনুষ্ঠান। উল্লেখ্য, “বীরভূমের মুখ” সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তরুণ তপন বসু। গত ২০২২ সালের ৯ নভেম্বর ৮৩ বছর বয়সে তিনি প্রয়াত হন। বীরভূমের সিউড়ি আইটিআই কলেজে শিক্ষকতার পাশাপাশি আজীবন তিনি ছিলেন সাহিত্যসেবী। বর্তমান সম্পাদক অতনু সেনগুপ্তের সম্পাদনায় এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার সহ-সম্পাদক নিতাইপ্রসাদ ঘোষ, পত্রিকার উপদেষ্টা তথা বীরভুমের আঞ্চলিক ইতিহাস গবেষক সুকুমার সিংহ, কমিটির বর্ষীয়ান সদস্য কল্যাণ কুমার দাস সহ বহু জ্ঞানী-গুণী ব্যক্তিত্ব। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিদ্যাসাগর কলেজের গ্রন্থাগারিক সুশান্ত রাহা। উপস্থিত আমন্ত্রিত কবি সাহিত্যিকদের হাতে এদিন প্রকাশিত পত্রিকা তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন পত্রিকা সম্পাদক অতনু সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *