
শম্ভুনাথ সেনঃ
রাজ্যের বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। ইতিমধ্যেই সব রাজনৈতিক দল নেমে পড়েছেন ময়দানে। ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্যোগে বীরভূম জেলা কংগ্রেসের ডাকে ১২ ফেব্রুয়ারি, বীরভূমের মুরারই ২ ব্লকের অন্তর্গত পাইকর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় “দলীয় রাজনৈতিক কর্মী সম্মেলন”। সভার শুরুতেই জেলার বিভিন্ন প্রান্তের কংগ্রেস কর্মীরা চাতরা থেকে পাইকর পর্যন্ত বাইক র্যালিতে অংশ গ্রহণ করে। সভায় উপস্থিত ছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক তথা প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর, প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ মুখোপাধ্যায়, প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় অধিকারী, বীরভূম জেলা কংগ্রেসের পর্যবেক্ষক রোহন মিত্র, জগদীশ দত্ত, বীরভূম জেলা কংগ্রেসের মুখপাত্র রথীন সেন সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
সভায় রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন জনস্বার্থ ইস্যু নিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। তাছাড়া এসআইআর নিয়ে হয়রানি, সংসদে রাহুল গান্ধীকে বলতে না দেওয়া, সংবিধান অবমাননা, সেই সঙ্গে রাজ্য সরকারের বিরোধীদের উপর আগ্রাসন নীতি, উন্নয়ন বিমুখতা, স্বজনপোষণ এবং কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিভিন্ন বক্তা তথ্যসমৃদ্ধ বক্তব্য তুলে ধরেন। দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা এবং কর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার আহ্বান জানানো হয়। কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। উল্লেখযোগ্য উপস্থিতিতে সভা ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম
