
শম্ভুনাথ সেনঃ
বাউল গান: তত্ত্বে ও কাব্যে এই শীর্ষক দুদিনের জাতীয় আলোচনা সভা অনুষ্ঠিত হলো বীরভূমের বোলপুর বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে। পশ্চিমবঙ্গ বাউল আকাদেমী ও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ এবং বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের যৌথ আয়োজনে তা সম্পন্ন হয়। ১২-১৩ ফেব্রুয়ারি এই দুদিনে বাউল গান বিষয়ক নানান তত্ত্ব ও তথ্য, গানকে কীভাবে জনমানসে ছড়িয়ে রস আস্বাদন করা যায় তার চুলচেরা বিশ্লেষণ সেই সঙ্গে বাউল গানের কথা ও সুরে দুদিন মুখরিত ছিল বিশ্ববিদ্যালয় চত্বর। অনুষ্ঠানের প্রথম দিনে গৌরবময় অতিথিরূপে উপস্থিত ছিলেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উদ্যোক্তাদের অন্যতম উপস্থিত ছিলেন বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তালেব খান, বীরভূম জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের জেলা আধিকারিক অরিত্র চক্রবর্ত্তী, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. সৌরেন বন্দোপাধ্যায়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রাবণী পাল প্রমুখ বিদগ্ধ ব্যক্তিত্বরা। আলোচনা সভার দ্বিতীয় দিনে মঞ্চে আসীন ছিলেন বাউল শিল্পী লক্ষ্মণ দাস বাউল, পশ্চিমবঙ্গ বাউল একাডেমীর সভাপতি কার্তিক চন্দ্র দাস বাউল, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সুচরিতা বন্দোপাধ্যায়, বিশ্বভারতীর অধ্যাপক ড. অতনু শাসমল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অমিতাভ দাস এমন গুণী শিল্পী ও বক্তারা। এদিন বিভিন্ন কলেজের অধ্যাপক ও গবেষক ছাত্র-ছাত্রীদের গবেষণা পত্র পাঠের আয়োজন করা হয়। সেই সঙ্গে বাউল গান ও তথ্য বিষয়ক নানা আলোচনা অনুষ্ঠিত হয়। দুদিনের এই আলোচনা সভার মূল আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. দীনবন্ধু মণ্ডল।

