বীরভূমের সিউড়ি সদর হাসপাতাল থেকে মৃতদেহ উধাও: এই ঘটনায় তীব্র চাঞ্চল্য

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সদর সিউড়ি সরকারি হাসপাতালে এক রোগীর মৃত্যুর পর মৃতদেহ উধাও। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এফআইআর দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে খবর, নথিতে রোগীর নাম ছিল অজয় সিংহ, বাবার নাম ভল্লা সিংহ। ঠিকানা পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর লেখা হয়েছে। ভর্তি করানোর কয়েক মিনিটের মধ্যে রোগীর মৃত্যু হয়। তারপর লিফ্‌টে করে দেহ নামিয়ে নিয়ে যান কে বা কারা। হাসপাতাল কর্তৃপক্ষ তা জানতেই পারেনি। পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়ার আগেই মৃতদেহ নিয়ে চলে যান কয়েকজন। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
হাসপাতাল সূত্রে খবর, পাণ্ডবেশ্বর থেকে অজয় সিংহ নামে বছর একুশের এক রোগীকে সিউড়ির সরকারি হাসপাতালে নিয়ে এসে কয়েকজন মিলে ভর্তি করে। চিকিৎসক অঞ্জন ভদ্র তাঁর চিকিৎসা করছিলেন। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই ওই রোগীর মৃত্যু হয়। চিকিৎসক যখন অন্য রোগীদের দেখছিলেন। তখন তাঁর পরিবারের লোকজন দেখেন দেহ নেই। কারা দেহ নিয়ে গেলেন, তাঁরা আদৌ মৃতের আত্মীয় কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। হাসপাতালের নিরাপত্তারক্ষীরা কেন বিষয়টি টের পেলেন না তা নিয়েও উঠেছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *