বীরভূমেও “যুব সাথী” প্রকল্পে আবেদন জমা দেওয়ার লম্বা লাইন

শম্ভুনাথ সেনঃ

১৫-২৬ ফেব্রুয়ারি, এই ১২ দিন ধরে চলবে “যুব সাথী প্রকল্পে” অর্থাৎ বেকার ভাতার জন্য আবেদনপত্র জমা নেওয়ার কাজ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই ২১-৪০ বছর বয়সী এবং ন্যূনতম মাধ্যমিক পাস বেকার যুবক-যুবতীদের জন্য চালু হয়েছে এই নয়া প্রকল্প “বাংলার যুব সাথী”। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথমে আগস্ট মাস থেকে এই প্রকল্প চালু হবার কথা জানালেও পরে তা এগিয়ে আনেন এপ্রিলে। ১৫ ফেব্রুয়ারি প্রথম দিনেই হাজার হাজার উচ্চশিক্ষিত তরুণ তরুণীকে ফর্ম নেবার জন্য লাইনে দাঁড়াতে দেখা যায়।

অনেকেই মনে করছেন এই প্রকল্পের কারণে ভোটে প্রভাব পড়তে পারে। সারা রাজ্যের সাথে বীরভূমেও প্রথম দিনেই যুব সাথী প্রকল্পে আবেদন জমা করেছে অন্তত ২৫০০০ আবেদনকারী। জেলার সিউড়ি, রামপুরহাট, বোলপুর তিনটি মহকুমার মোট ১৯টি ব্লকে এবং ৬ টি পৌরসভায় আবেদন শিবির খোলা হয়েছে। জেলার ১১ টি বিধানসভার এলাকা জুড়ে শিবির গুলিতে যুবক যুবতীদের ভিড় ছিল চোখে পড়ার। বোলপুর বিধানসভার অন্তর্গত ইলামবাজার ব্লক অফিসেও এই প্রকল্পের আবেদনপত্র বিতরণ ও আবেদন গ্রহণ করা হয়। এ তথ্য জানিয়েছেন ইলামবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ অনির্বাণ মজুমদার। সেই সাথে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার এবং চাষীদের কাছ থেকে সেচের জলকর মুকুবের আবেদনপত্র গ্রহণ করা হয় বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *