
দীপককুমার দাসঃ
আজ শনিবার মহঃ বাজার গর্ভমেন্ট পৃষ্ঠপোষক প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার উদ্যোগে মহঃবাজার ব্লকের প্যাটেলনগরে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা শুধু একটি ভাষা নয়, এটি একটি জাতির আত্মপরিচয়। মাতৃভাষা মানুষের সহজাত অনুভূতির ভাষা, যা তার সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের মূল ভিত্তি। মাতৃভাষা অর্থ্যাৎ হৃদয়ের ভাষায় মনের অনুভূতি সবচেয়ে সুন্দর ভাবে প্রকাশিত হয়। ১৯৫২সালে যখন পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রভাষাকে জোরপূর্বক পূর্ব পাকিস্তানের উপর চাপিয়ে দেওয়া হয় তখন গর্জে ওঠে যুবসমাজ। ঢাকায় প্রতিবাদে শামিল হয় যুব সমাজ। পুলিশের গুলিতে শহীদ হন বরকত, রফিক, জব্বার, সালাম, শফিউর সহ আরো অনেকে। আর এই ভাষা আন্দোলনের ফলে জন্ম হয় নতুন রাষ্ট্র বাংলাদেশের। সেই ইতিহাসকে স্মরণ করে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর বিশ্বজুড়ে ২১ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। আজ এই উপলক্ষে সকাল ১১টা নাগাদ মহঃ বাজার গর্ভমেন্ট পৃষ্ঠপোষক প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার ছাত্র ছাত্রীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বাংলার মাটি, বাংলার জল গানটি গাইতে গাইতে পদযাত্রায় শামিল হয়। পদযাত্রায় পা মেলান এই কলেজের অধ্যাপক সুবীর রায়, চিন্ময় দাস, লিপিকা ঠাকুর সহ অন্যান্যরা।
