
শম্ভুনাথ সেনঃ
দিন দিন যেন মানবিক মূল্যবোধ কমছে। বাড়ছে ছাত্র-শিক্ষকের মধ্যে সম্পর্কের দূরত্ব। তেমন সময়ে এক শিক্ষকের আদর্শকে বর্তমান ছাত্র সমাজের কাছে তুলে ধরতে ১৮ ফেব্রুয়ারি “মৃণালকান্তি মজুমদার স্মৃতি স্মারক” বক্তৃতার আয়োজন করা হয়। উল্লেখ্য, মৃণালকান্তি মজুমদার বীরভূমের খয়রাশোল ব্লকের পাঁচড়া উচ্চ বিদ্যালয়ে তিন দশক ধরে শিক্ষকতা করেন। অবসর নিয়েছিলেন ১৯৯২ তে। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন। এদিনে তাঁর আদর্শকে বাঁচিয়ে রাখতে এবছর ষষ্ঠ বর্ষ স্মৃতি স্মারক বক্তৃতার আয়োজন বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বক্তৃতার বিষয় ছিল “নেশা ছেড়ে বই ধরো, ছাত্রী সুরক্ষায় সমাজ গড়ো”। এদিন স্মৃতি স্মারক বক্তব্য রাখেন বীরভূম জেলা আইনি পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যান তথা জেলা জজ আরতি শর্মা রায়, সচিব নিরুপমা দাস ভৌমিক, বিশ্বভারতীর পাঠভবনের অবসরপ্রাপ্ত অধ্যাপক চঞ্চল বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্পন কুণ্ডু, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বনাথ দে, অরূপ কুমার চক্রবর্তী, আইনি পরিষেবা কেন্দ্রের অধিকার মিত্র মহম্মদ রফিক, সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক তথা প্রয়াত মৃণাল কান্তি মজুমদারের আত্মজ ডাঃ শৈবাল মজুমদার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। এদিন প্রয়াত শিক্ষকের স্মৃতিতে একটি মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়। অন্তত ৭০ জন স্থানীয় মানুষজনকে দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষুধ। বিদ্যালয়ের ২০২৫ সালের মাধ্যমিকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী কৃষ্ণাশিস ব্যানার্জি, শুভম আচার্য, ও ঋষি নাথ এই তিনজন কৃতি ছাত্রকে দেওয়া হয় মৃনালকান্তি মজুমদার স্মৃতি স্মারক সম্মাননা। ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এমন প্রতিযোগীর হাতে তুলে দেওয়া হয় খেলাধুলার সরঞ্জাম।

