পড়ন্ত দুপুরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তেই আতঙ্ক খয়রাসোল আইটিআই কলেজ এলাকায়

সেখ রিয়াজুদ্দিনঃ

গ্রীষ্মের দাবদাহ দৈনন্দিন বেড়েই চলেছে। যার প্রেক্ষিতে জঙ্গলে গাছের পাতা শুকিয়ে ঝরে পড়ছে। পাশাপাশি রাস্তার পাশে আগাছা গুলো পর্যন্ত শুকিয়ে ঝরঝরে হয়ে ওঠে। পথচলতি মানুষের মধ্যে বা গরু চড়াতে গিয়ে কেউ কেউ আনন্দ উপভোগ করার লক্ষ্যে আগুন লাগিয়ে পালিয়ে যায় সেই শুকনো পাতা বা আগাছার উপর। কোথায় কী দূর্ঘটনা ঘটতে পারে তার কোনো আগে পিছে চিন্তা ভাবনা নেই। এভাবে যত্রতত্র বাড়ছে আগুন লাগানোর ঘটনা। সেরূপ রবিবার নাকড়াকোন্দা থেকে সারসা মোড় যাবার পথে তিতিক্ষাপুর গ্রাম ও খয়রাসোল আইটিআই কলেজ সংলগ্ন এলাকায় আগাছার জঙ্গলে দুপুরের দিকে আগুন লাগে। নাকড়াকোন্দা থেকে সারসা মোড় দিকে যাবার পথে আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে তড়িঘড়ি স্থানীয় লোকপুর থানা, দুবরাজপুর অগ্নিনির্বাপক দপ্তর, খয়রাসোল ফরেস্ট অফিস সহ বিভিন্ন স্থানে খবর দেয় খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য কাঞ্চন দে। পাশাপাশি কয়েকজন স্থানীয় ব্যক্তি ও সিভিক ভলান্টিয়ারদের নিয়ে ডালপালা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরবর্তীতে দুবরাজপুর অগ্নিনির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়। উল্লেখ্য সরকারি ভাবে মাঠে ন্যাড়া পোড়ানো বা আগুন লাগানোর ব্যাপারে বিধিনিষেধ, সচেতনতার বার্তা দিলেও একশ্রেণীর মানুষ এখনও মাঠে ঘাটে জঙ্গলে আগুন লাগিয়ে আনন্দে মত্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *