বীরভূমের গর্ব সাহিত্যিক শ্যামচাঁদ বাগদি পেলেন প.ব.সরকারের “বঙ্গভূষণ” সম্মাননা

শম্ভুনাথ সেনঃ

পশ্চিমবঙ্গ সরকারের এবছরের “বঙ্গভূষণ- ২০২৬” সম্মাননা পেলেন বীরভূমের কৃতি লেখক, সাহিত্যিক, বিশিষ্ট প্রবন্ধকার শামচাঁদ বাগদি। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলকাতায় দেশপ্রিয় পার্কে একটি মনোজ্ঞ অনুষ্ঠানে তাঁর হাতে স্মারক সম্মাননা, শংসাপত্র সেই সঙ্গে ১,০০,০০০ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগদি সম্প্রদায় সম্পর্কিত গবেষণাধর্মী বিভিন্ন রচনার কৃতিত্বের জন্য তাঁকে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, চলতি বছরে রাজ্যে “বঙ্গবিভূষণ” সম্মাননা পেয়েছেন ৯ জন কৃতি ব্যক্তিত্ব। অন্যদিকে “বঙ্গভূষণ” সম্মান পেয়েছেন রাজ্যের ১৬ জন কৃতি গুণী মানুষ। বীরভূম থেকে একমাত্র শ্যামচাঁদ পেয়েছেন এবারের এই সম্মাননা। উল্লেখ্য, শ্যামচাঁদ এর জন্ম ২৪ মে, ১৯৭৫ বীরভূমের রামপুরহাট শহরে। চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করার সময় শ্যামচাঁদ এর ছড়া এবং কবিতা দিয়ে লেখালেখি শুরু। তারপর থেকে তাঁর কলম থামেনি। বেশ অনেকগুলি গ্রন্থের রচয়িতা তিনি। বর্তমানে বীরভূমের রামপুরহাটে “কাঞ্চিদেশ” প্রকাশনী সংস্থার তিনি কর্ণধার। ইতিপূর্বে ২০০৯ সালে একাডেমি অফ বেঙ্গলি পোয়েট্রি (কলকাতা) থেকে পেয়েছেন ‘সারস্বত সম্মান’। ২০২২ সালে পশ্চিমবঙ্গ বাগদি সমাজ কল্যাণ সমিতি থেকে তাকে বিশেষ সম্মান দেওয়া হয়। বাগদি ইতিহাস ও স্থান পরিবর্তন’ গবেষণা মূলক গ্রন্থটির জন্য আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি কর্তৃক দেওয়া হয় ‘দীনেশচন্দ্র সেন বিশেষ সম্মাননা’। এছাড়া আরো অনেকগুলি পুরস্কার রয়েছে শ্যামচাঁদের ঝুলিতে। আর এবার পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক “বঙ্গভূষণ” সম্মানে ভূষিত হওয়ার পরই তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বীরভূমের সারস্বত সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *