বীরভূমের জয়দেব-কেন্দুলীতে ৩ দিনের “রাঢ় উৎসবে’র” সূচনা হলো আজ

শম্ভুনাথ সেনঃ

বাংলার লোকায়ত সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার শপথ নিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ তিন দিনের রাঢ় পরবের সূচনা হলো বীরভূমের কবিতীর্থ জয়দেব-কেন্দুলিতে। এদিন জয়দেবের বাউল মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সংগীত শিল্পী অনাথবন্ধু ঘোষ। সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট বাউল শিল্পী লক্ষণ দাস বাউল সহ আরো অনেকে।

উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী তথা উৎসব কমিটির সভাপতি শুভেন্দু মাইতি, উৎসব কমিটির সম্পাদক তথা বিশিষ্ট ছড়াকার সন্তোষ কর্মকার, কমিটির আহ্বায়ক তথা গবেষক মহঃ ইনতাজ আলী প্রমুখ। উদ্বোধনের পর মঞ্চের বক্তারা বলেন বর্তমান দিনে সংস্কৃতিকে যেভাবে বিকৃত করা হচ্ছে তা দুর্ভাগ্যজনক, এজন্য আমাদেরকে সচেতন হতে হবে। সঙ্গীত শিল্পী শুভেন্দু মাইতি বলেন বাংলার শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্যই মূলত রাঢ় উৎসবের সূচনা। আগামী দিনে এই উৎসব ব্যাপক আকার নেবে। এছাড়াও এই উৎসবে বিভিন্ন কর্মশালা, আলোচনা চক্র, প্রদর্শনী ও কবি সভা আয়োজন করা হয়েছে।


অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শিল্পীদের নিয়ে এদিন জয়দেব বাউল মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জয়দেব এলাকা পরিক্রমা করে। বিভিন্ন জেলা থেকে আগত আদিবাসী, ঝুমুর, রণপা নৃত্য শিল্পীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, তিনদিন ব্যাপী এই উৎসবে বোলান, আদিবাসী নৃত্য, কবিগান, নাটুয়া ও রণপা নৃত্য, মুসলিম বিয়ের গান, রায়বেশে নৃত্য, বাউল-ফকিরি গান, কীর্তন সহ রাঢ় এলাকার লোকসংস্কৃতি পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়। বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলা সহ রাঢ় বাংলার বিভিন্ন এলাকার লোকশিল্পীরা এদিন উপস্থিত ছিলেন।

One thought on “বীরভূমের জয়দেব-কেন্দুলীতে ৩ দিনের “রাঢ় উৎসবে’র” সূচনা হলো আজ

  1. প্রিয় সেন মশাই
    আপনার কভারেজ তো বীরভূমের সৌরভ ছড়ায়। আপনার এই সাংস্কৃতিক মননশীলতা অটুট থাকুক আর আমরা যারা অবস্থানগত দূরে থেকেও আপনার এমন সনির্বন্ধ প্রয়াসে আমরা ঋদ্ধ হচ্ছি, এটাই আমাদের মত প্রবাসীদের কাছে খুব বড় প্রাপ্তি। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *