
শম্ভুনাথ সেনঃ
গত ১৫ মার্চ, রবিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরদিনই বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে জোরকদমে শুরু হলো প্রস্তুতি। সোমবার ১৬ মার্চ দুপুরে বীরভূমের জেলা সদর সিউড়ীর জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আসন্ন নির্বাচনের সামগ্রিক রূপরেখা তুলে ধরেন জেলা সমাহর্তা ধবল জৈন।
জেলাশাসক জানান, নির্বাচনের তারিখ ঘোষণার মুহূর্ত থেকেই সমগ্র জেলায় আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) কার্যকর হয়েছে। ভোট প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করতে এবার জেলায় বুথের সংখ্যা ১৮০টি বাড়ানো হয়েছে। ফলে বীরভূমে মোট বুথের সংখ্যা দাঁড়িয়েছে ৩,২৫৬টি। সাংবাদিক সম্মেলনে জেলা সমাহর্তা বীরভূমের ভোটার তালিকার একটি বিস্তারিত চিত্র পেশ করেন:
মোট ভোটার: ২৫,৬২,৩৩৪ জন (১৫ মার্চ পর্যন্ত)।
বিবেচনাধীন ভোটার: ২,০২,০৫৯ জন (৬ মার্চ পর্যন্ত)।
নতুন ভোটার: ২৭,১৫৮ জন।
৮৫ ঊর্ধ্ব ভোটার: ৯,০১৬ জন।
শতায়ু ভোটারের সংখ্যা: ৫৬ জন।
প্রতিবন্ধী ভোটার: ২৭,৩৮২ জন।
নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রশাসন ইতিমধ্যেই স্পর্শকাতর এবং অতি-স্পর্শকাতর বুথগুলি চিহ্নিত করে তালিকা চূড়ান্ত করেছে। তবে এবারের নির্বাচনে বিশেষ নজর দেওয়া হচ্ছে পরিবেশের ওপর; জেলাশাসক জানান, বুথগুলিকে ‘পরিবেশবান্ধব’ হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি, ভোটারদের জন্য থাকছে বিশেষ কড়াকড়ি ও সুবিধা। ভোটকেন্দ্রে কোনোভাবেই মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। সাধারণ মানুষের সুবিধার্থে প্রতিটি কেন্দ্রে মোবাইল ফোন জমা রাখার জন্য আলাদা ও নিরাপদ ব্যবস্থার পরিকল্পনা করেছে জেলা প্রশাসন।
