
শম্ভুনাথ সেনঃ
রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের মাটি। নির্বাচন কমিশনের নির্ঘণ্ট প্রকাশ এবং রাজনৈতিক দলগুলোর প্রার্থী তালিকা ঘোষণার আবহে নলহাটিতে উদ্ধার হলো বিপুল পরিমাণ বিস্ফোরক। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং নির্বাচনের আগে নাশকতার বড়সড় কোনো পরিকল্পনা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরভূমের নলহাটি থানার অন্তর্গত বাউটিয়া পঞ্চায়েতের কাঁদাসী এলাকায় একটি ট্রাক্টরের গতিবিধি দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। ট্রাক্টরটিকে আটক করে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় সকলের। দেখা যায়, সাধারণ পণ্যের আড়ালে কাগজের বাক্সের ভেতরে থরে থরে সাজানো রয়েছে ভয়ঙ্কর বিস্ফোরক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার করে জিলেটিন স্টিক প্রায় ১০,০০০ পিস।ডিটোনেটর ৩৬০ পিস।ভোটের মুখে এত বিশাল পরিমাণ বিস্ফোরক কোথা থেকে এল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, কোনো বড় ধরনের নাশকতামূলক কাজের জন্যই এই বিস্ফোরক মজুত করা হচ্ছিল।ভোটের প্রচার শুরু হতেই বীরভূমের মতো স্পর্শকাতর জেলায় এই উদ্ধারকান্ড সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার শিকড় খুঁজতে তদন্ত শুরু হয়েছে এবং ট্রাক্টর চালক ও এই চক্রের নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

