“বীরভূমে খেলা শুরু, ১১-০ ব্যবধানেই জিতবে তৃণমূল”: প্রার্থী ঘোষণার পর হুঙ্কার অনুব্রত মণ্ডলের

শম্ভুনাথ সেনঃ

দীর্ঘ প্রতীক্ষার অবসান। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর অবশেষে জনসমক্ষে এলেন বীরভূম জেলা তৃণমূলের দাপুটে নেতা তথা দলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। আজ ১৮ মার্চ বুধবার বোলপুরের রাজপথে দাঁড়িয়ে সাফ জানিয়ে দিলেন, বীরভূম জেলায় বিরোধী বিজেপি খাতা খুলতে পারবে না। জেলার ১১টি আসনেই ঘাসফুল ফুটবে বলে আত্মবিশ্বাসী তিনি। গতকাল মঙ্গলবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব রাজ্যের ২৯৪টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলেও, গতকাল সারাদিন অনুব্রত মণ্ডলকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে আজ বুধবার রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বোলপুর রেল ময়দান থেকে আয়োজিত তৃণমূলের মিছিলে যোগ দেন তিনি। সঙ্গে ছিলেন বোলপুরের দলীয় প্রার্থী চন্দ্রনাথ সিনহা। মিছিলে দলীয় কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সেখান থেকেই মেজাজি ঢঙে বিরোধীদের হুঁশিয়ারি দেন অনুব্রত। গ্যাসের দাম বৃদ্ধি ও কালোবাজারি নিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে তিনি বলেন “সাধারণ মানুষ রান্নার গ্যাসের দাম দেখে দিশেহারা। চারিদিকে কালোবাজারি চলছে। মানুষ এর যোগ্য জবাব ইভিএম-এ দেবে। বীরভূমের মাটিতে বিজেপি এবার শূন্য পাবে, লড়াই হবে ১১-০ ব্যবধানে।” উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বীরভূমের ১১ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১০ এবং দুবরাজপুর আসনটি বিজেপির দখলে ছিল।
এদিন বীরভূম নয়, গোটা রাজ্যের ফলাফল নিয়েও ভবিষ্যদ্বাণী করেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা। তাঁর দাবি রাজ্যে তৃণমূলের আসন হবে ২৩০ থেকে ২৩৫টি। বোলপুরের সভা শেষে তিনি হুঙ্কার দিয়ে বলেন, “বীরভূমে আজ থেকেই বিধানসভা ভোটের খেলা শুরু হয়ে গেল।” রাজনৈতিক মহলের মতে, অনুব্রত মণ্ডলের এই সক্রিয়তা এবং ‘খেলা হবে’ মেজাজ নির্বাচনের আগে তৃণমূল কর্মীদের বাড়তি অক্সিজেন জোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *