
শম্ভুনাথ সেনঃ
কালবৈশাখীর ঝোড়ো বৃষ্টির মাঝে বজ্রপাতে প্রাণ হারাল ১৭ বছরের এক কিশোর। পরিবারের সদস্যরা দ্রুত তাকে সংলগ্ন বীরভূম জেলার ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। তবে কর্তব্যরত চিকিৎসকরা সুদীপকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। স্বাস্থ্যকেন্দ্র সূত্রে খবর মৃত কিশোরের নাম সুদীপ মেটে। বাড়ি পশ্চিম বর্ধমান জেলার ভোগাতলা এলাকায়। উল্লেখ্য, গতকাল ২০ মার্চ সন্ধ্যায় এলাকায় প্রবল বৃষ্টি শুরু হলে মাঠের আলু বাঁচাতে খড় ও ত্রিপল ঢাকা দিতে গিয়েছিল সুদীপ। সেই সময়ই আচমকা বজ্রপাতে সে সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বীরভূম জেলার ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। আলু বাঁচাতে গিয়ে তরতাজা কিশোরের এই অকাল মৃত্যুতে পরিবার ও গোটা গ্রামজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।
