
সেখ রিয়াজুদ্দিনঃ
বর্তমানে যুব প্রজন্ম দিনের পর দিন মোবাইলের নেশায় মেতে উঠেছে। একসময় বিকেলের দিকে রুটিনমাফিক যে খেলাধুলার চর্চা ছিল বর্তমানে তার পরিবর্তে মোবাইলে গেম বা ভিডিও রিল তৈরির কাজে মত্ত। যার ফলে শারীরিক মানসিক ও সামাজিক কর্মকান্ডের প্রতি অনীহা দেখা যায়। শরীরচর্চা করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, নীরোগ শরীর গঠন হয়, মনমানসিকতা স্থির থাকে, একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের মধ্যে মোবাইলের আসক্তি কাটিয়ে মাঠমুখী করে তোলা, সেই সাথে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে পরম্পরাগত ভাবে মাঠমুখীর প্রচেষ্টা বজায় রাখার প্রেক্ষিতে ২৫ মার্চ বুধবার কোল ইন্ডিয়ার আর্থিক সহায়তায় এবং খয়রাসোল ব্লকের পানশিউড়ী ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে স্থানীয় ব্লক এলাকার ৮টি ফুটবল দলকে নিয়ে এক দিবসীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় পান শিউড়ী ফুটবল ময়দানে। খেলা শুরুর প্রাকমুহুর্তে ৮ টি দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি ও প্যান্ট প্রদান করা হয়। খেলতে গিয়ে কোনো খেলোয়াড় যদি গুরুতর আঘাত পেয়ে থাকেন তাহলে তড়িঘড়ি তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে সর্বক্ষণের জন্য একটি এ্যাম্বুলেন্স রাখা হয়। এদিন প্রখর রোদ মাথায় নিয়ে খেলা দেখতে ভিড় জমান স্থানীয় মানুষজন। তাদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয়ে পেরুয়া ফুটবল দল বিজয়ী এবং কেন্দগড়ে ফুটবল দল বিজিত ঘোষিত হয়। খেলা শেষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও বিজিত দলকে সুদৃশ্য ট্রফি ছাড়াও অন্যান্য পুরস্কার প্রদানের মাধ্যমে দলগুলোকে উৎসাহিত করা হয়।
উপস্থিত ছিলেন পানশিউড়ী ফ্রেন্ডস ক্লাবের সদস্য শুভেন্দু চক্রবর্তী, বিকাশ বাগ্দী, রাসবিহারী মন্ডল, তরুণ আঁকুড়ে, ঈশ্বর বাগ্দী সহ সদস্যবৃন্দ।

