
শম্ভুনাথ সেনঃ
আসন্ন ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমেছে সব পক্ষই। আজ ৩১ মার্চ মঙ্গলবার বীরভূমের রামপুরহাট ও দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা ফুটবল ময়দান সেজে উঠেছিল তৃণমূলের এক বিশাল জনসভার জন্য। রামপুরহাটে তৃণমূল প্রার্থী ড. আশিস বন্দ্যোপাধ্যায় ও সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত এই সভায় মূল আকর্ষণ ছিলেন তারকা সাংসদ দেব। কিন্তু শেষ মুহূর্তে ছন্দপতন। প্রতিকূল আবহাওয়ার কারণে দেবের হেলিকপ্টার পৌঁছাতে না পারায় সশরীরে উপস্থিত হতে পারলেন না তিনি। মঞ্চে দুবরাজপুর ও রাজনগর ব্লকের দলীয় নেতৃত্ব উপস্থিত থাকলেও, প্রিয় তারকাকে দেখার জন্য দূর-দূরান্ত থেকে আসা বহু মানুষের ভিড়ে থমথমে মেজাজ তৈরি হয়। দেবের অনুপস্থিতির খবরে জনতার একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে মঞ্চে দেবের একটি অডিও বার্তা বাজিয়ে শোনানো হয়। যেখানে তিনি ভবিষ্যতে আবার আসার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, “সম্পূর্ণ আবহাওয়াগত কারণেই তিনি আসতে পারেননি।” এখন দেখার, দেবের এই অনুপস্থিতি এবং জনতার ক্ষোভ আসন্ন নির্বাচনে ভোটবাক্সে কোনো প্রভাব ফেলে কি না!
