বীরভূমের সদর সিউড়ীতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: বীরভূমে চড়ছে নির্বাচনী পারদ

শম্ভুনাথ সেনঃ

বঙ্গে ভোটের দামামা বেজে উঠতেই তপ্ত লালমাটির জেলা বীরভূম। বহুমুখী লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি হলেও, রাজনৈতিক মহলের নজর মূলত শাসক তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপির দিকে। এই আবহেই আগামী ৯এপ্রিল বীরভূমের জেলা সদর সিউড়ীতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে এদিন এক বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনের খবর নিশ্চিত হতেই গেরুয়া শিবিরে তৎপরতা তুঙ্গে। আজ ৩১ মার্চ সিউড়ীর ইরিগেশন কলোনির মাঠ পরিদর্শন করেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি, সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য জেলা নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামবে সিউড়ীর চাঁদমারি ময়দানে। সেখান থেকে সড়কপথে কড়া নিরাপত্তায় তিনি পৌঁছবেন সভাস্থলে। জেলা সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর এই জনসভাকে কেন্দ্র করে বীরভূমের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। নির্বাচনের চূড়ান্ত লগ্নে মোদীর এই সফর জেলার রাজনৈতিক সমীকরণ বদলে দেবে বলেই আশাবাদী বিজেপি নেতৃত্ব। মাঠ প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তার খাতিরেও শুরু হয়েছে প্রাথমিক তদারকি। সব মিলিয়ে, ৯ এপ্রিলের হাইভোল্টেজ সভার অপেক্ষায় এখন গোটা বীরভূম জেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *