মনোনয়ন ঘিরে তপ্ত বীরভূমের বোলপুর: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় ক্ষোভ ও দুশ্চিন্তা

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের বোলপুর মহকুমা শাসকের দপ্তরে আজ ২ এপ্রিল এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল রাজনৈতিক মহল। একদিকে বোলপুর মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল ও বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশ ঘিরে রাজনৈতিক উত্তেজনা, আর অন্যদিকে নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে সাধারণ মানুষের দীর্ঘ লাইন।
এদিন মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় বাগযুদ্ধ ও তর্ক-বিতর্ক শুরু হয়। তবে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সক্রিয় ভূমিকায় তা নিয়ন্ত্রণে আনে। কিন্তু রাজনৈতিক এই ডামাডোলের মাঝেই বেলা তিনটের পর মহকুমা দপ্তরের চিত্রটা বদলে যায়। কয়েকশ মানুষ, যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট বা বাদ গেছে, তারা ক্ষোভে ও দুশ্চিন্তায় দপ্তরের সামনে লাইন দেন। সবচেয়ে মর্মস্পর্শী দৃশ্য দেখা যায় যখন ৯৫ বছরের এক বৃদ্ধাকেও সেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে কাগজ থাকা সত্ত্বেও কেন ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে এবং সাধারণ মানুষকে এই হয়রানির শিকার হতে হচ্ছে, সেই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে। তালিকায় নাম না থাকায় দুশ্চিন্তায় ভুগছেন বহু পরিবার। প্রশাসনিক আশ্বাসের অপেক্ষা না করে তাদের একটাই দাবি—ভোটের আগেই যেন দ্রুত নাম নথিভুক্ত করার ব্যবস্থা করা হয়। রাজনৈতিক লড়াইয়ের মাঝে সাধারণ মানুষের এই নিরন্তর লড়াই কবে শেষ হবে, তার উত্তর মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *